Original Bangla poem

চল চলে যাই

চল আজ চলে যাই ঐ পথ ধরে,
অজানা গন্তব্যের পাণে,
এই শহুরে লোকালয় ছেড়ে
দূরে কোথাও, প্রকৃতির টানে।

জানি না কোথায় নিয়ে যাবে এই পথ,
হয়ত দেখা পাব শান্ত ঝিলের,
তার পাড়ে বসে নাহয় কাটিয়ে দেব
একটু বাড়াবাড়ি রকমের নিশ্চুপ দুপুর।

আরেকটু গেলেই হয়ত পাহাড় পাব,
শহরের নিওন আলোয় যে আলো দেখিনি -
সেই তারার আলোয় ভেসে যাবে চারিদিক,
ভাবতে ক্ষতি কি, হয়ত দেখা পাব জোনাকির।

রাতের অন্ধকারে যদি হারিয়ে যাই,
হৈ হুল্লোড়ে ঢাকা পড়ে যাওয়া
বহু দিনের না দেখা না শোনা
নিস্তব্ধতাকে না হয় খুঁজে নেব।

চল আজ যাওয়া যাক তবে,
সেই চেনা প্রকৃতির পাণে,
একটু জিরিয়ে আসি, খুঁজে আসি
বেঁচে থাকার মানে।