Original Bangla poem

অপেক্ষা

আর কতটা সময় বসে থাকলে বয়ে যাওয়া নদীর ঢেউগুলো ফিরে আসবে,
কতক্ষণ অপেক্ষার পর ঝরে যাওয়া পাতাগুলো গাছের ডালে ফিরে যাবে,
বৃষ্টির জল ফিরে যাবে মেঘে, আর মেঘ সরে গিয়ে নীলের জন্য জায়গা করে দেবে,
আর কতটা সময় পরে পশ্চিমের আকাশে গোধুলির আলো উকি দেবে।

জানি হাজার বছর অপেক্ষার পরেও সেটা হবার নয়,
হয়ত ঝরা পাতার জায়গায় নতুন সবুজের দল স্থান করে নেবে,
অথবা নিকষ কালো রাত ভরে উঠবে নতুন দিনের আলোয়,
তারপরেও প্রশ্ন থেকে যায়, আমার অপেক্ষার পালা শেষ হবে কবে।